ঢাকা বুধবার, জুলাই ২৯, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

ব্রাজিলের হয়ে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন নেইমার


স্মার্ট ক্রীড়া প্রতিবেদক
১১:৫২ - বুধবার, জুলাই ২৯, ২০২৬
ব্রাজিলের হয়ে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন নেইমার

ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে জাতীয় দলের জার্সিতে তার ১৬ বছরেরও বেশি সময়ের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি ঘটল।

গোল ডটকমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ক্লাব ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের ৪-২ গোলের জয়ের পর নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান ৩৪ বছর বয়সী এই তারকা ফুটবলার।

২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমারের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে অবসরের ঘোষণার মাধ্যমে সেই আলোচনা-সমালোচনার অবসান ঘটালেন তিনি। নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হয় শেষ ষোলো পর্বে, যা জাতীয় দলের হয়ে নেইমারের শেষ ম্যাচ হিসেবে ইতিহাসে জায়গা করে নেয়।

জাতীয় দল থেকে বিদায় নেওয়ার বিষয়ে কোনো আক্ষেপ নেই বলেও জানিয়েছেন সাবেক এই অধিনায়ক। তার ভাষায়, দেশের প্রতিনিধিত্ব করার সময় তিনি সবসময় নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন।

ম্যাচ শেষে নেইমার বলেন, জাতীয় দলের হয়ে আমার সময় শেষ। আমি ইতিহাস গড়েছি এবং অসাধারণ কিছু মুহূর্ত উপভোগ করেছি। ব্রাজিলের জার্সির জন্য আমি আমার সবকিছু উজাড় করে দিয়েছি। কিন্তু এখন আর সেই লড়াই চালিয়ে যেতে চাই না।

আন্তর্জাতিক ক্যারিয়ারে নেইমার ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা হিসেবে বিদায় নিলেন। দেশের হয়ে তিনি একাধিক বিশ্বকাপ, কোপা আমেরিকা এবং অলিম্পিক আসরে অংশ নিয়ে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন।

এদিকে সম্প্রতি সান্তোসের ড্রেসিংরুমে কনিষ্ঠ সতীর্থদের সমালোচনা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে নেইমারের বিরুদ্ধে। তবে এসব অভিযোগ নাকচ করে দিয়েছেন তিনি। নেইমারের দাবি, ম্যাচের পর দলের পারফরম্যান্ট উন্নত করার লক্ষ্যেই তিনি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন।

তিনি বলেন, বিষয়টি দুঃখজনক এবং বিরক্তিকর। এ ধরনের গুজব মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে দেয়। আমি শুধু বলেছি, আমরা আরও ভালো খেলতে পারি এবং জেতা ম্যাচ কোনোভাবেই এভাবে ড্র করা উচিত নয়। অধিনায়ক হিসেবে এ কথা বলার অধিকার আমার রয়েছে।

মাঠের বাইরের বিতর্ক সত্ত্বেও ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নেইমার। এই জয়ে কোপা সুদামেরিকানার শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ব্রাজিলের ক্লাবটি। পরবর্তী রাউন্ডে তাদের প্রতিপক্ষ হবে ইকুয়েডরের ক্লাব মাকারা।