

নোয়াখালীর
সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে ‘পকেট
কমিটি’ আখ্যা দিয়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন পদবঞ্চিত
নেতাকর্মীরা।
এ সময় তারা ঘোষিত কমিটি বাতিল করে তৃণমূলের ত্যাগী ও
দুঃসময়ের নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান। অবরোধের কারণে
সোনাপুর-কবিরহাট সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বুধবার (২৬ আগস্ট)
বিকেলে অশ্বদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন
পদবঞ্চিত নেতাকর্মীরা। মিছিলটি সোনাপুর-কবিরহাট সড়কের দিনমনি বাজার
প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন পরিষদের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
পরে
বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে এবং ইটপাটকেল ও গাছের গুঁড়ি ফেলে
সোনাপুর-কবিরহাট সড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ অবরোধে সড়কের
উভয় পাশে যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ
সমাবেশে বক্তব্য দেন- অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও
নতুন কমিটিতে সভাপতি পদপ্রার্থী মোশাররফ হোসেন সাগর, সদর উপজেলা ছাত্রদলের
সাবেক সদস্য ও সভাপতি পদপ্রার্থী মাহবুবুল আলম রবিন, সভাপতি পদপ্রার্থী
আকবর হোসেন রবিন, মোশাররফ হোসেন মিঠু, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. জিহাদ
হোসেন, মো. রিফাত, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মো. সিয়াম, মো. শাকিল ও
আরিয়ান হোসেন আফসারসহ অনেকেই।
বক্তারা বলেন, অশ্বদিয়া ইউনিয়ন
ছাত্রদলের নতুন কমিটিতে ইয়াছিন আলম হাসানকে আহ্বায়ক ও আবদুল্লাহ বিন
মাহিদকে সদস্য সচিব করে যে কমিটি ঘোষণা করা হয়েছে, সেখানে ত্যাগী ও
দুঃসময়ের নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। তারা এ কমিটিকে ‘পকেট কমিটি’
আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানান।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে
বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিল করে তৃণমূলের
নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা না হলে জেলা শহরে
বিক্ষোভ কর্মসূচি ও সড়ক অবরোধ করা হবে।