

সাত বছরের দাম্পত্য জীবনে প্রথম সন্তানের মুখ দেখার অপেক্ষায় ছিলেন বায়হান আলম তানভীর ও তার স্ত্রী সাথী। কিন্তু সন্তান জন্মের আগেই থেমে গেল সেই অপেক্ষা। নোয়াখালী জেলা শহরের আল রাজী হাসপাতালে সন্তান প্রসবের সময় চিকিৎসক ও নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করেছেন স্বজনেরা।
সাত বছরের দাম্পত্য জীবনে প্রথম সন্তানের মুখ দেখার অপেক্ষায় ছিলেন বায়হান আলম তানভীর ও তার স্ত্রী সাথী। কিন্তু সন্তান জন্মের আগেই থেমে গেল সেই অপেক্ষা। নোয়াখালী জেলা শহরের আল রাজী হাসপাতালে সন্তান প্রসবের সময় চিকিৎসক ও নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করেছেন স্বজনেরা।
২০১৯ সালে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের চর আফজল গ্রামের তানভীরের সঙ্গে সাথীর বিয়ে হয়। দীর্ঘ সাত বছর পর তাদের ঘরে প্রথম সন্তান আসার কথা ছিল। তবে সেই আনন্দ শেষ পর্যন্ত বিষাদে পরিণত হয়েছে।
পরিবার জানায়, গত শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে সন্তান প্রসবের জন্য সাথীকে নোয়াখালী শহরের আল রাজী হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনদের অভিযোগ, স্বাভাবিক প্রসবের কথা বলে কয়েক ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয় তাকে। পরে রাত ৯টার দিকে সিজারিয়ান অস্ত্রোপচারের কথা জানানো হয়। এর কিছুক্ষণ পর চিকিৎসকরা জানান, গর্ভের শিশুর হৃদস্পন্দন পাওয়া যাচ্ছে না। পরে রাত ৩টার দিকে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে মৃত কন্যাশিশু প্রসব করানো হয়।
সন্তান হারিয়ে শোকাহত বাবা বায়হান আলম তানভীর বলেন, প্রথমে স্বাভাবিক প্রসবের কথা বলে তার স্ত্রীকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। পরে শিশুর অবস্থা ভালো বলে জানানো হলেও কিছুক্ষণ পর হৃদস্পন্দন না পাওয়ার কথা জানানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করার পর রাত ৩টার দিকে অস্ত্রোপচার করা হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করেন তিনি।
সাথীর ভাই কেয়াপত উল্ল্যাহ শান্ত অভিযোগ করেন, প্রায় তিন ঘণ্টা তার বোনকে অপারেশন থিয়েটারে রাখা হলেও যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। এ সময় সাথী বারবার পরিবারের সদস্যদের ডেকে দেওয়ার অনুরোধ করলেও কাউকে ডাকা হয়নি। ব্যথা কমানোর জন্য দেওয়া স্যালাইনও পরে নার্স খুলে রাখেন বলে অভিযোগ করেন তিনি।
তবে পরিবারের এসব অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট গাইনি চিকিৎসক ডা. আফসানা জান্নাত। তিনি বলেন, রোগীর স্বজনেরা স্বাভাবিক প্রসবের অনুরোধ করায় দুই থেকে তিন ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। এ সময় শিশুর অবস্থার অবনতি হয়। পরে পরীক্ষা ও আল্ট্রাসনোগ্রাম করে শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়।
তিনি আরও বলেন, রোগীর গর্ভাবস্থা ঝুঁকিপূর্ণ ছিল এবং তার একটি কিডনি ছোট ছিল। এ কারণে শুরু থেকেই সিজারিয়ান অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে স্বজনদের অনুরোধে স্বাভাবিক প্রসবের জন্য কিছুটা সময় দেওয়া হয়। পরে তাদের অনুরোধেই তার উপস্থিতিতে অস্ত্রোপচার করা হয়। এ ঘটনায় তিনিও মর্মাহত বলে জানান।
আল রাজী হাসপাতালের ম্যানেজার ইয়াছিন আরাফাত তুহিন বলেন, ঘটনার দিন তিনি দায়িত্বে ছিলেন না। পরদিন সকালে বিষয়টি জেনেছেন। তবে রোগীদের চিকিৎসার ক্ষেত্রে হাসপাতাল সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে এবং তাদের পক্ষ থেকে কোনো অবহেলা করা হয়নি বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে নোয়াখালীর সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন বলেন, এখনো এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাত বছরের প্রতীক্ষার পর যে সন্তানকে ঘিরে একটি পরিবার স্বপ্ন দেখেছিল, তাকে হারিয়ে এখন শোকে ভেঙে পড়েছেন স্বজনেরা। তাদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিকিৎসায় কোনো অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।