

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, শনিবারের সহিংসতার ঘটনায় ৭০০ জনের মতো ব্যক্তিকে আটক করা হয়েছে।
এদের মধ্যে সহিংসতায় যাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাবে না, তাদেরকে থানা থেকেই ছেড়ে দেয়া হবে।
রবিবার (৩০ জুলাই) সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অলরেডি আমরা সাত শতাধিক মানুষকে হাতেনাতে ধরেছি। যারা আগুন ধরিয়ে দিতে গিয়েছিল, তাদেরকেও আমরা হাতেনাতে ধরেছি।
তিনি আরও বলেন, এখন সব জায়গাতেই সিসিটিভি ক্যামেরা রয়েছে। আমরা সেগুলোর সাহায্য নিচ্ছি। জনগণ এ ধরনের দুষ্কৃতকারীদেরকে ধরিয়ে দিচ্ছে। অনেক সময় পুলিশের নজর এড়িয়ে গেলেও জনগণ তাদেরকে ধরে এনে আমাদের সামনে দিচ্ছে, তাদেরকেও আমরা ধরছি, কাউকে ছাড় দিচ্ছি না। সহিংসতায় যাদের সংশ্লিষ্টতা থাকবে না, তাদেরকে থানা থেকেই ছেড়ে দেয়া হবে।
সচিবালয়ের রবিবার যুক্তরাষ্ট্রের টেনেট ফাইন্যান্স ইন্টারন্যাশনাল গ্রুপের প্রতিষ্ঠাতা টেরি এল ইসলের নেতৃত্বে চার সদস্যের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
উল্লেখ্য, শুক্রবার ঢাকায় মহাসমাবেশ করার পরদিন শনিবার রাজধানীর প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি দিয়েছিল বিএনপি।
এ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের অবস্থান ছিল কঠোর। অন্তত পাঁচটি জায়গায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়।
এসব ঘটনায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে ডিএমপির সাত থানায় ১১টি মামলা হয়েছে।
এসব মামলায় বিএনপির সাড়ে চার শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ ছাড়া আরও কয়েকটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।