রাত পোহালেই (৭ জানুয়ারি) শুরু হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট যজ্ঞ। এ উপলক্ষকে কেন্দ্র করে সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে ও দেশবাসীকে এদিন যৌক্তিক কারণ ছাড়া কোথাও না যেতে আহ্বান জানিয়েছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। এ আহ্বান করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ।
শনিবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর বিভিন্ন নির্বাচন কেন্দ্র পরিদর্শন শেষে মিরপুর-২ নম্বর এলাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় করেন র্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজিপি) এম খুরশীদ হোসেন। এ সময় তিনি দেশবাসীকে নিজ নিজ এলাকায় অবস্থানের আহ্বানও জানান।
এম খুরশীদ হোসেন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক এলাকার মানুষ অন্য এলাকায় গেলে তাকে নাশকতাকারী হিসেবে আমরা সনাক্ত করবো না। তবে জানতে চাইবো, আমরা তাকে ওয়াচ করবো। আপনি কেন এসেছেন, কি প্রয়োজন আপনার। আপনি অন্য কোনো কাজে ইনভলভ আছেন কিনা। যৌক্তিক কোনো কারণ ছাড়া কেউ কোথাও যাবেন না। নিজ নিজ এলাকায় থাকবেন।
শুক্রবার বেনাপোল এক্সপ্রেস ট্রেনে নাশকতা ঘটনা ঘটেছে। শনিবার সকাল থেকে বিএনপি ও জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের হরতাল কর্মসূচি চলছে। এমন পরিস্থিতিতে ভোটাররা নির্বিঘ্নে নির্ভয়ে ভোট দিতে যেতে পারবে? প্রশ্ন করা হয় তাকে। উত্তরে র্যাব ডিজি বলেন, নাশকতার ব্যাপারে আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল- এ ধরনের নাশকতা ঘটনা ঘটতে পারে। স্বাভাবিকভাবেই ভোট যারা বয়কট করেছেন বিশেষ করে জামায়াত-বিএনপির কথা আমরা জানি। আমরা শুক্রবার (৫ জানুয়ারি) তিনজনকে পিকআপ করেছি। তাদের কাছে পেট্রোল বোমা পাওয়া গেছে ২৮টি, ককটেল পাওয়া গেছে ৩০টি। তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি।
র্যাব মহাপরিচালক আরো বলেন, যেকোনো ঘটনা যখন ঘটে আমরা অবশ্যই তা খুঁজে বের করার চেষ্টা করি। এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারব না। কারণ, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা আন্ডার ইনভেস্টিগেশন। তথ্য পেলে আমরা অবশ্যই আপনাদের জানাবো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এমন কোনো থ্রেট বা হুমকি তৈরি হয়নি, এমন কোনো আশঙ্কা নেই যে মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে পারবে না। শুধু র্যাব ফোর্সেস না সব আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।