

নোয়াখালী-০২
(সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনের সংসদ সদস্য ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ
জয়নুল আবেদিন ফারুক বলেছেন, সরকারের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে সংশ্লিষ্ট
সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে
বলেন, স্বাস্থ্যখাতে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম কোনোভাবেই প্রশ্রয় দেওয়া
হবে না এবং এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকালে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায়
জয়নুল আবেদিন ফারুক আরও বলেন, সরকার ইতোমধ্যে দৃঢ়তার সঙ্গে জ্বালানি তেলের
সংকট মোকাবিলা করেছে। পাশাপাশি বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্যখাতসহ
গুরুত্বপূর্ণ সব খাতে সরকারের ইতিবাচক ভাবমূর্তি বজায় রাখতে সংশ্লিষ্ট
সবাইকে সচেতন ও সতর্কতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায়
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিয়া আফরোজসহ স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির
অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় জয়নুল আবেদিন ফারুক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন। একই সঙ্গে উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকে দায়িত্বে অবহেলার অভিযোগ থাকা কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বদলিসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।