ঢাকা বুধবার, জুন ২৪, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

প্রবাসীদের সংগঠন ‘নয় বাড়ীয়া প্রবাসী ফোরাম’-এর নতুন কমিটি ঘোষণা


স্মার্ট প্রতিনিধি
১১:৫০ - বুধবার, জুন ২৪, ২০২৬
প্রবাসীদের সংগঠন ‘নয় বাড়ীয়া প্রবাসী ফোরাম’-এর নতুন কমিটি ঘোষণা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী নয় বাড়ীয়া সমাজের প্রবাসীদের নিয়ে গঠিত মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘নয় বাড়ীয়া প্রবাসী ফোরাম’-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

সংগঠনের পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় গতকাল মঙ্গলবার রাতে এক অনলাইন সভার মাধ্যমে ২০ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে মো. জামান রানা সভাপতি এবং মো. সালেহ উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, ক্রীড়া সম্পাদকসহ বিভিন্ন পদে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

সংগঠন সূত্রে জানা যায়, “আত্ম মানবতার সেবায় নিয়োজিত” স্লোগানকে ধারণ করে ২০২২ সালে প্রতিষ্ঠিত এই ফোরামটি প্রতিষ্ঠার পর থেকেই মানবসেবা ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত নয় বাড়ীয়ার প্রবাসীদের আর্থিক ও নৈতিক সহযোগিতায় সংগঠনটি এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে।

সংগঠনটির উদ্যোগে নিয়মিত চিকিৎসা সহায়তা প্রদান, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, দরিদ্র পরিবারের আর্থিক সহায়তা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি স্থানীয়ভাবে ব্যাপক সুনাম অর্জন করেছে।

কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত অনলাইন সভায় সংগঠনের উপদেষ্টা, প্রতিষ্ঠাতা সদস্য, প্রবাসী প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রবাসীদের ঐক্যবদ্ধ উদ্যোগ ও সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে ‘নয় বাড়ীয়া প্রবাসী ফোরাম’ সমাজে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. সালেহ উদ্দিন বলেন, “সংগঠনের কার্যক্রমকে আরও স্বচ্ছ, গতিশীল ও জনমুখী করতে নতুন কমিটি নিরলসভাবে কাজ করবে। মানবসেবা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও সম্প্রসারিত করার লক্ষ্যে সকল প্রবাসীদের সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।”

সংগঠনের সভাপতি মো. জামান রানা বলেন, “প্রবাসীদের ঐক্য ও মানবসেবাকে আরও সুসংগঠিত করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমরা কাজ করে যাবো। এ জন্য সকলের দোয়া ও সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও জানান, সবার সহযোগিতা অব্যাহত থাকলে ‘নয় বাড়ীয়া প্রবাসী ফোরাম’ ভবিষ্যতেও মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।