

নোয়াখালীতে ‘হেযবুত তওহীদ’ নিষিদ্ধের দাবিতে ইসলামী মহাসমাবেশের সকল
প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে এই মহাসমাবেশে
লক্ষাধিক মানুষ অংশ নেবেন বলে আশাবাদ প্রকাশ করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনেহেফাজতে ইসলাম বাংলাদেশ-এর তত্ত্বাবধায়নে ‘জমইয়্যাতুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ’ ও ইসলাম বিরোধী কার্যক্রম প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে নোয়াখালী সুপার মার্কেট পরিচালনা কমিটির সভাপতি মো. ইকরাম উল্লাহ ডিপটির সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন ‘জমইয়্যাতুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ’ নোয়াখালী-লক্ষ্মীপুরের সভাপতি মাওলানা ছিদ্দিকুর রহমান।
লিখিত বক্তব্যে জানানো হয়, ইসলামবিরোধী কার্যক্রম প্রতিরোধ এবং হেযবুত তওহীদের অপতৎপরতা বন্ধের দাবিতে আগামী ১ আগস্ট শনিবার সকাল ১০টা থেকে নোয়াখালী জেলা স্কুল মাঠে ইসলামী মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, নোয়াখালীসহ পার্শ্ববর্তী ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও কুমিল্লা জেলা থেকে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান এতে অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে বক্তারা অবিলম্বে হেযবুত তওহীদের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান এবং ঘোষিত মহাসমাবেশ সফল করতে সর্বস্তরের তাওহীদি জনতার সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন।