ঢাকা শনিবার, ফেব্রুয়ারী ২১, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

অমর একুশে: ফুলে ফুলে ভরে গেছে শহিদ মিনার


স্মার্ট প্রতিবেদক
৬:০০ - শনিবার, ফেব্রুয়ারী ২১, ২০২৬
অমর একুশে: ফুলে ফুলে ভরে গেছে শহিদ মিনার

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের মানুষ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর থেকে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে ভাষা শহিদদের স্মরণ করেন।

এর আগে রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। কয়েক মিনিট পর রাত ১২টা ৮ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রীর পর বিএনপি এবং জিয়া পরিবারের পক্ষ থেকেও ফুল দেওয়া হয়।

পরে সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১-দলীয় জোটের নেতারা শহিদ মিনারে শ্রদ্ধা জানান। এ সময় জোটভুক্ত দলের সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন। ধারাবাহিকভাবে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং আপিল বিভাগের বিচারপতিরাও শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।

রাষ্ট্রের তিন বাহিনীর পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন শহিদ মিনারে ফুল দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া জাতীয় নাগরিক পার্টি, গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টি, সিপিবি, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন শহিদ মিনারে যায়। ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট ও ছাত্রমৈত্রীসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনও দিনব্যাপী শ্রদ্ধা নিবেদন করে ভাষা শহিদদের স্মরণ করে।