৮৫ জনকে কারাদণ্ড: অপরাধের প্রমাণ কতটা ছিল?
অপরাধের সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কাউকে শাস্তি দেওয়া ন্যায়বিচারের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। অথচ রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং-১ আবাসিক এলাকার একটি বাড়িতে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানের পর ৮৫ জনকে মাদক গ্রহণের অভিযোগে কারাদণ্ড দেওয়ার ঘটনায় বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা, নাগরিক অধিকার এবং আইনের যথাযথ প্রয়োগ নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। বিশেষ করে, সংশ্লিষ্ট ব্যক্তিদের মাদক গ্রহণের অভিযোগ যাচাইয়ে কোনো চিকিৎসাগত বা রাসায়নিক পরীক্ষা করা হয়েছিল কি না, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।