

অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে প্রকাশিত হয়েছে সাংবাদিক ও লেখক এম. দিলদার উদ্দিনের দুটি নতুন উপন্যাস। রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত বইমেলায় সাহিত্যদেশ প্রকাশনীর স্টল (নং ৫৯৭ ও ৫৯৮)-এ আজ শনিবার থেকে বই দুটি সংগ্রহ করছেন পাঠকরা।
লেখকের নতুন উপন্যাস দুটি হলো- ‘মোহনদীর সতেরো ছায়ায়’ এবং ‘ডিজিটাল ফাঁদে ভালোবাসা’। সমাজ বাস্তবতা, মানবিক সংকট ও সমকালীন প্রযুক্তিনির্ভর জীবনের নানা অন্ধকার দিককে কেন্দ্র করে রচিত এ দুটি গ্রন্থ ইতোমধ্যে পাঠকমহলে আগ্রহ সৃষ্টি করেছে।
ক্ষমতার আড়ালের নীরব ট্র্যাজেডি:
‘মোহনদীর সতেরো ছায়ায়’ উপন্যাসটির কেন্দ্রবিন্দুতে রয়েছে এক বন কর্মকর্তার ১৭টি বিয়েকে ঘিরে নির্মিত জটিল জীবনকথা। তবে এটি কেবল বহুবিবাহের গল্প নয়; বরং রাষ্ট্রীয় ক্ষমতার প্রভাব, পুরুষতান্ত্রিক আধিপত্য এবং নারীর দীর্ঘ সহনশীলতার এক গভীর সামাজিক উপাখ্যান।
উপন্যাসে উঠে এসেছে ১৭টি সংসারের ভিন্ন ভিন্ন বাস্তবতা, অপেক্ষা ও ভাঙনের গল্প। ক্ষমতার ছায়ায় ব্যক্তিগত জীবনের দায়বদ্ধতা কীভাবে ক্ষয়ে যায় এবং সমাজ কেন অনেক সত্য জেনেও নীরব থাকে- এই প্রশ্নের মুখোমুখি দাঁড় করায় বইটি। লেখক মানবিক দায়িত্ব ও সামাজিক নৈতিকতার সীমারেখা নিয়েও পাঠককে ভাবতে আহ্বান জানিয়েছেন।
ডিজিটাল যুগের সতর্কবার্তা:
অন্যদিকে ‘ডিজিটাল ফাঁদে ভালোবাসা’ উপন্যাসটি সমকালীন প্রযুক্তিনির্ভর সমাজের এক বাস্তব প্রতিচ্ছবি। এখানে ভালোবাসা যেমন আছে, তেমনি রয়েছে ভার্চুয়াল সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকা প্রতারণা, ব্ল্যাকমেইল ও মানহানির ভয়াবহ বাস্তবতা।
উপন্যাসে দেখানো হয়েছে- বর্তমান সময়ে অনেক তরুণ-তরুণী আবেগ ও মোহে পড়ে হঠাৎ সম্পর্কের জালে জড়িয়ে পড়ছে, যেখানে ভার্চুয়াল পরিচয় দ্রুত বিশ্বাসে পরিণত হলেও সেই বিশ্বাস অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। একটি অসতর্ক মুহূর্ত কীভাবে একটি জীবনের সম্মান ও ভবিষ্যৎ বদলে দিতে পারে- সে সতর্কবার্তাই তুলে ধরা হয়েছে গল্পের ভেতর দিয়ে।
লেখকের ভাষ্য অনুযায়ী, এটি শুধু প্রেমের গল্প নয়; বরং আত্মসচেতনতা, আত্মরক্ষা এবং ডিজিটাল বাস্তবতায় সচেতনভাবে বেঁচে থাকার আহ্বান।
পাঠকের জন্য আমন্ত্রণ:
লেখক এম. দিলদার উদ্দিন জানান, সমাজের বাস্তব অভিজ্ঞতা ও সময়ের পরিবর্তিত চিত্র থেকেই উপন্যাস দুটি রচিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বইগুলো কেবল বিনোদন নয়- পাঠকের ভাবনার জগতে নতুন আলো ফেলবে।