এক কলেজের সবাই ফেল, অস্তিত্বহীন ক্যাম্পাস
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে শূন্য পাস করা ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ‘বেগমগঞ্জ আপার মডেল কলেজ’। প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া পাঁচ শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন। তবে ফলাফল প্রকাশের পর কলেজটির ঠিকানা ধরে খোঁজ নিতে গিয়ে পাওয়া গেছে আরও বিস্ময়কর তথ্য। বাস্তবে নেই কলেজটির কোনো দৃশ্যমান ক্যাম্পাস, নেই অধ্যক্ষ কিংবা স্থায়ী শিক্ষক। এমনকি উপজেলা ও জেলা শিক্ষা প্রশাসনের কর্মকর্তারাও প্রতিষ্ঠানটির অস্তিত্ব সম্পর্কে অবগত নন।