

ঢাকাগামী ফারহান-০৪ লঞ্চে এক কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায়
নোয়াখালীর হাতিয়ায় এনসিপি-যুবশক্তি ও যুবদলের পাল্টাপাল্টি মিছিলকে কেন্দ্র
করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হওয়ার খবর পাওয়া
গেছে।
মঙ্গলবার (১০ মার্চ) রাতে হাতিয়া উপজেলার ওছখালী শহরে এই পাল্টাপাল্টি মিছিল ও সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও অভিযুক্তদের বিচার দাবিতে রাত ৮টার দিকে এনসিপি ও যুবশক্তির নেতাকর্মীরা উপজেলার হাসপাতাল এলাকা থেকে জিরো পয়েন্টের দিকে একটি মিছিল বের করেন। এ সময় উত্তর দিক থেকে যুবদলের আরেকটি মিছিল একই স্থানে এসে জড়ো হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি থেকে হাতাহাতি এবং পরে মারামারির ঘটনা ঘটে।
এ ঘটনায় হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক ইউসুফ রেজা ও ছাত্রশক্তির আহ্বায়ক নিয়ামত উল্ল্যাহ নিরব আহত হন।
অপরদিকে ইটপাটকেলের আঘাতে হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াস, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম দুখু, পৌরসভা যুবদল নেতা আশিক এবং শাখাওয়াত হোসেন হিরো আহত হন। আহতরা পরে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
এ বিষয়ে হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, দুই পক্ষ পাল্টাপাল্টি মিছিল বের করলে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফারহান-০৪ লঞ্চের ক্যাবিনে এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হন। ভুক্তভোগী রাজধানীর ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির একজন শিক্ষার্থী। পরে পুলিশ অভিযুক্তদের আটক করে।
সোমবার (৯ মার্চ) ভুক্তভোগীর ভাই বাদী হয়ে আটক দুইজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
আটক অভিযুক্তরা হলেন- মোহাম্মদ সাকিব উদ্দিন (২৬) হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পশ্চিম বড়দেইল গ্রামের সাহাব উদ্দিনের ছেলে এবং মোহাম্মদ নুরুজ্জামান মিঠু (৩২) একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জোটখালী গ্রামের আবুল কালামের ছেলে।