নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মৎস্য খাতের উন্নয়ন ও
উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের উদ্যোগে দিনব্যাপী
প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) উপজেলার গাংচিল বাজারস্থ গাংচিল স্কুল ভবনে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায়
উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০ জন অগ্রগামী মৎস্যচাষী অংশগ্রহণ
করেন। এতে আধুনিক ও লাভজনক মাছ চাষ পদ্ধতি, বৈজ্ঞানিক উপায়ে পুকুর
প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, প্রোবায়োটিকের ব্যবহার, এয়ারেটরের
কার্যকারিতা, মানসম্মত পোনা নির্বাচন, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং মাছের
রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।
ব্র্যাক
ফিশারিজ এন্টারপ্রাইজের রিজিওনাল ম্যানেজার মো. সাইফুল্লাহর সভাপতিত্বে
অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা
মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম সরকার এবং কৃষিবিদ জহির হোসাইন। ব্র্যাকের
জেলা সমন্বয়ক মো. নুরুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা
করেন ব্র্যাকের অফিসার (সেলস) রাসেল আহমেদ।
প্রশিক্ষণে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি হাতে-কলমে শেখার সুযোগ, উন্মুক্ত আলোচনা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অংশগ্রহণকারী
চাষীরা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা তুলে ধরলে সংশ্লিষ্ট কর্মকর্তারা
তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। পরে অংশগ্রহণকারীদের মাঝে
সনদপত্র বিতরণ করা হয়।
আয়োজকরা
জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে দক্ষ মৎস্যচাষী তৈরি
হবে, যা দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখবে।