

ভারতের বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবের বক্তব্যকে উসকানিমূলক, ঔদ্ধত্যপূর্ণ এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সরাসরি অসম্মান বলে মন্তব্য করেছেন নোয়াখালীর বাসিন্দা সাংবাদিক ও লেখক এবং স্মার্ট বাংলাদেশ-এর সম্পাদক মোহাম্মদ সোহেল বাদশা।
তিনি বলেন, নোয়াখালী কোনো দান করা ভূখণ্ড নয় যে, কেউ চাইলেই তা পুনরুদ্ধারের দাবি তুলবে। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ নোয়াখালী। এ অঞ্চলের মাটি, মানুষ ও ইতিহাস বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
সোহেল বাদশা বলেন, ভারতীয় সংসদ সদস্যের এমন বক্তব্য শুধু নোয়াখালীবাসীকে নয়, বাংলাদেশের ১৮ কোটি মানুষকেই অপমানিত করেছে। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল হতে হবে।
তিনি আরও বলেন, ইতিহাস নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের সীমানা নিয়ে দখলদারির বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের বিষয়ে ভারত সরকারের আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করা উচিত।
একই সঙ্গে বাংলাদেশ সরকারকে কূটনৈতিকভাবে এর প্রতিবাদ জানানো এবং ভবিষ্যতে বাংলাদেশের ভূখণ্ড নিয়ে এ ধরনের উসকানিমূলক বক্তব্য বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
লেখক:
সাংবাদিক ও লেখক।