ঢাকা শনিবার, মে ১৬, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

নয়াপল্টনে বিএনপির শতাধিক নেতাকর্মী আটক


স্মার্ট প্রতিবেদক
০:৪৭ - বৃহস্পতিবার, জুলাই ২৭, ২০২৩
নয়াপল্টনে বিএনপির শতাধিক নেতাকর্মী আটক

নয়াপল্টনে হোটেল মিডওয়েতে অভিযান চালিয়ে বিএনপির শতাধিক নেতাকর্মীকে আটক করছে পুলিশ।

মহাসমাবেশকে কেন্দ্র করে যাতে বিশৃঙ্খলা ও নাশকতার ঘটনা ঘটতে না পারে সেজন্যই এ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে বুধবার (২৭ জুলাই) রাতে জানিয়েছেন আইন-শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ সদস্যরা।

এর আগে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন এবং তার আশপাশে ভিড় জমান বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরাও। দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করলেও বিকেল পাঁচটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয় পুলিশের আনাগোনা। সূত্র বলছে, রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে চিঠি দেয়ার পর থেকেই বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করা শুরু হয়।


বিকেল থেকেই নয়াপল্টনে বাড়তে থাকে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। ক্রমেই নিয়ে আসা হতে থাকে জলকামান, পুলিশের সাজোঁয়া যান। মুহূর্তেই পাল্টে যায় চিত্র। থমথমে পরিবেশ। বিকেল চারটায় দলীয় বৈঠক ও মতবিনিময় সভা থাকলেও পরবর্তীতে তা গুলশানে স্থানান্তরিত হয়। একই সঙ্গে নেতাকর্মীদেরকে রাতের আগেই নয়াপল্টন অফিস থেকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেন শীর্ষ নেতারা।
রাত ১০টার আগে নয়াপল্টনে দেখা যায়, কেন্দ্রীয় কার্যায়ের মূল ফটক বন্ধ। নেই কোনো নেতাকর্মী। সড়কের উপরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান। স্কাউট ভবনের সামনে দাঁড়িয়ে ছিল পুলিশের হলুদ রঙা একটি জলকামান, একটি ছাই রঙা আর্মড ভেহিকেল (এপিসি), নীল রঙা একটি পুলিশ ভ্যান। এছাড়াও সড়কের দুই পাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল পুলিশের বেশ কয়েকটি গাড়ি। বিএনপি অফিসের পূর্বদিকে অপর একটি জলকামান রাখা ছিল। রাত ১০টার পর জলকামান, সাজোঁয়া যান সরিয়ে নেয় পুলিশ। অন্যদিকে নয়াপল্টন এলাকায় সিসি ক্যামেরা লাগাতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

এদিকে, নয়াপল্টনের হোটেল মিডওয়েতে রাতে পুলিশ রেইড দিয়ে বিএনপির শতাধিক নেতাকর্মী আটক করে থানায় নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অটককৃতদের মধ্যে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলালসহ দিনাজপুর ও ফেনীর বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীরা রয়েছে।

অন্য সূত্রে খবর, রাজধানীর ৬০ ফিট এলাকা থেকে রাজবাড়ীর পাংশা উপজেলার ২০ জনকে আটকের অভিযোগ পাওয়া গেছে।