

নেত্রকোণা প্রতিনিধি: ভয়াল কালরাত্রি ২৫ মার্চের স্মরণে নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে ‘অপারেশন সার্চলাইট’-এর নামে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র ও নিরীহ বাঙালিদের ওপর নির্বিচারে হামলা চালিয়ে ইতিহাসের এক নির্মম গণহত্যা সংঘটিত করে।
বুধবার (২৫ মার্চ) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নেত্রকোণা জেলা পাবলিক হল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ডা. মো. আনোয়ারুল হক। তিনি বলেন, ২৫ মার্চের কালরাত্রি বাঙালির ইতিহাসে এক শোকাবহ অধ্যায়, যা আমাদের স্বাধীনতার সংগ্রামকে আরও বেগবান করেছিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু, পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদারসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা ২৫ মার্চের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার গুরুত্ব তুলে ধরেন।