ঢাকা মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিয়েছেন রাজন


স্মার্ট প্রতিনিধি
৭:১৫ - মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিয়েছেন রাজন

নোয়াখালীতে কারাগারে বসে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করেছেন মাহবুব এলাহী রাজন (১৫) নামে এক শিক্ষার্থী। এ কিশোর কারাগারে বন্দি থেকেও সে অংশ নিয়েছেন গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষায়।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে শুরু হয় তার এসএসসি পরীক্ষা।

রাজন নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা এবং একটি হত্যা মামলার আসামি হিসেবে গাজীপুর কিশোর সংশোধনী কেন্দ্রে থাকত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজন মামলায় জড়িত হওয়ার পর প্রথমে তাকে গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছিল। পরে তার আবেদন বিবেচনায় নিয়ে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি প্রদান করেন। আদালতের বিশেষ অনুমতি সাপেক্ষে কারাগারের ভেতরেই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। তিনি নোয়ান্নই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তার নির্ধারিত কেন্দ্র নোয়াখালী জিলা স্কুল হলেও নিরাপত্তা ও আইনি প্রক্রিয়ার কারণে কারাগারের ভেতরেই বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হচ্ছে। যা জিলা স্কুল কেন্দ্রের অধীনে পরিচালিত হচ্ছে।

নোয়াখালী কারাগারের জেল সুপার আ. বারেক বলেন, গাজীপুর কিশোর সংশোধনী কেন্দ্রে থাকা হত্যা মামলার আসামি রাজন। শুধু মাত্র পরীক্ষা দেওয়ার জন্য তাকে এখানে আনা হয়েছে। বাকি পরীক্ষাগুলোও একই প্রক্রিয়ায় কারাগারে নেওয়া হবে।

উল্লেখ্য, নোয়াখালী জেলায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল মিলিয়ে মোট ৭৫টি কেন্দ্রে ৩৫ হাজার ৫০১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে দাখিলে ৮ হাজার ৬৭১ জন এবং ভোকেশনালে ১ হাজার ৭২৩ জন পরীক্ষার্থী রয়েছে।