

নোয়াখালীর
সদর উপজেলায় কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল ও শপথ গ্রহণ করেছে নিষিদ্ধ
ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা দলের সভাপতি শেখ হাসিনার দেশে
প্রত্যাবর্তন এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা
প্রত্যাহারের দাবি জানায়।
শনিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়ভাবে খোঁজখবর নিয়ে জানা গেছে, বিকেলে উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া গ্রামের সাহেবের হাট এলাকায় ছাত্রলীগের নেতা সৈয়দ নাঈমের নেতৃত্বে নেতাকর্মীরা মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করছে।
মিছিল শেষে ছাত্রনেতা নাঈম উপস্থিত নেতাকর্মীদের শপথ পড়ান। শপথে বলা হয়, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা পর্যন্ত তারা সকল আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। একই সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়।
এর আগে, শুক্রবার বিকেলে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধের হাট এলাকায় প্রায় তিন হাজার নেতাকর্মীর অংশগ্রহণে আরেকটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের সংখ্যা বেশি হওয়ায় সেখানে পুলিশ পিছু হটে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাতভর অভিযান চালিয়ে নোয়ান্নই, এওজবালিয়া ও পৌরসভার বিভিন্ন এলাকা থেকে ২৪ জনকে আটক করে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, শুক্রবারের ঘটনার পর অভিযান চালিয়ে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির বিষয়ে তদন্ত চলছে এবং এখনো সেটির সত্যতা পুরোপুরি নিশ্চিত করা যায়নি।