ঢাকা মঙ্গলবার, মে ১৯, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

নোয়াখালীতে বায়োপেস্টিসাইড ব্যবহারে সচেতনতা বাড়াতে কর্মশালা


স্মার্ট প্রতিনিধি
১৪:০৪ - সোমবার, মে ১৮, ২০২৬
নোয়াখালীতে বায়োপেস্টিসাইড ব্যবহারে সচেতনতা বাড়াতে কর্মশালা

টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব তুলে ধরতে নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) উপজেলার মোহাম্মদিয়া চাইনিজ রেস্টুরেন্টের কনফারেন্স রুমে ব্র্যাক সিড অ্যান্ড আগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় কৃষিতে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়োপেস্টিসাইড ব্যবহারের প্রয়োজনীয়তা, এর উপকারিতা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

বক্তারা জানান, বায়োপেস্টিসাইড ব্যবহারের ফলে মাটির উর্বরতা বজায় থাকে, ফসলের গুণগত মান উন্নত হয় এবং মানবস্বাস্থ্যের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে। এছাড়াও অনুষ্ঠানে ব্র্যাকের উদ্ভাবিত ধান, সবজি, ভুট্টা ও আলুর উন্নত জাতের বীজ এবং বিভিন্ন ধরনের বায়োপেস্টিসাইড সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা কৃষি অফিসার মো. রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন এসএপিপিও, ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার মো. মনিরুজ্জামান খান, টেরিটোরি সেলস অফিসার মো. জোবায়ের হোসেন, ব্র্যান্ড প্রমোটর মো. রিয়াজ উদ্দিন এবং স্থানীয় ডিলার মো. সাইফুল ইসলাম।

দিনব্যাপী এ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৫০ জন মডেল কৃষক ও রিটেইলার অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বায়োপেস্টিসাইড ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা, প্রয়োগ পদ্ধতি এবং মাঠপর্যায়ে এর কার্যকারিতা সম্পর্কে ধারণা লাভ করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা পরিবেশবান্ধব কৃষি চর্চায় আরও উৎসাহী হবেন এবং তৃণমূল পর্যায়ে নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।