ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়।
এদিকে তারেক রহমান ঐতিহাসিক বিজয় লাভ করায় তাঁকে উষ্ণ অভিনন্দন জনিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদি আজ শুক্রবার সকাল ৯টা ৩৫ মিনিটে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই অভিনন্দন জানান। মোদি তাঁর পোস্টে তারেক রহমান ও বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজকে ট্যাগ করে দিয়েছেন।
অন্যদিকে, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জোরালো বিজয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি তারেক রহমানের প্রতি উষ্ণ অভিনন্দন জানান এবং বিএনপিকে বিজয়ের জন্য শুভেচ্ছা জানান। একই সঙ্গে বাংলাদেশের জনগণকে সফলভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।
ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপির
চেয়ারম্যান তারেক রহমান। বেসরকারি ফলাফল অনুযায়ী দুটি আসনেই জয় পেয়েছেন
তিনি।
ঢাকা-১৭ আসনের বেসরকারি ফলাফল অনুযায়ী তারেক রহমান ৭২ হাজার
৬৯৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী স ম
খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৪
হাজার ৩৯৯ ভোটের ব্যবধানী জয়ী হয়েছেন তারেক রহমান।
এ ছাড়া বগুড়া-৬
আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ১৫০টি
কেন্দ্রের ফলাফলে তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তাঁর
নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল
দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।