ঢাকা শুক্রবার, মার্চ ২৭, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

জ্বালানি পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার আশ্বাস পাম্প মালিক সমিতির


স্মার্ট প্রতিবেদক
১৩:০৬ - শুক্রবার, মার্চ ২৭, ২০২৬
জ্বালানি পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার আশ্বাস পাম্প মালিক সমিতির

দেশে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন বলেছে, শনিবার থেকেই জ্বালানি সরবরাহ পরিস্থিতি পুনরায় পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।

শুক্রবার এক জরুরি বিবৃতিতে এ আশার কথা শোনায় অ্যাসোসিয়েশন। সবাইকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে তেল সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে বিবৃতিতে।

সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, বর্তমানে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সংগ্রহের জন্য যে উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে, তা অনভিপ্রেত। আমার ৫০ বছরের ব্যবসায়িক জীবনে এমন পরিস্থিতি কখনো দেখিনি। এ অবস্থা সামলাতে সাধারণ গ্রাহকদের অবশ্যই সংযত হতে হবে।

বিবৃতিতে জ্বালানি সংকটের কারণ ব্যাখ্যা করে বলা হয়- মার্চ মাসে অধিক মাত্রায় সরকারি ছুটি থাকায় জ্বালানি তেলের ধারাবাহিক সরবরাহ প্রক্রিয়া কিছুটা ব্যাহত হয়েছে। এর ফলে দেশের বেশ কিছু জায়গায় পাম্প সাময়িকভাবে তেলশূন্য হয়ে পড়ে। তবে এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

বিবৃতিতে আশা প্রকাশ করা হয় যে, শনিবার থেকেই জ্বালানি সরবরাহ পরিস্থিতি পুনরায় পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে। ফলে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরতে হবে। প্রয়োজন মতো তেল নিতে হবে। অযথা বাড়তি তেল নেয়ার কোনো দরকার নেই।