ঢাকা রবিবার, মার্চ ২২, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

আগামীকাল শনিবার পবিত্র ঈদুল ফিতর


স্মার্ট প্রতিবেদক
১৩:১৪ - শুক্রবার, মার্চ ২০, ২০২৬
আগামীকাল শনিবার পবিত্র ঈদুল ফিতর

৩০ দিনের সিয়াম সাধনার পর দেশের মুসলিমরা আগামীকাল শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন। বৃহস্পতিবার দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় পূর্ণ ৩০ রোজা শেষে শনিবারই ঈদ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে কক্সবাজারে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।

এর আগে, গত ১৮ মার্চ চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করে। ওইদিন মধ্যপ্রাচ্যের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হয় এবং শুক্রবার (২০ মার্চ) মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। পরে তিনি দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানান।

ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, নিয়ম অনুযায়ী ২৯ রমজানে চাঁদ দেখা গেলে পরদিন ঈদ পালিত হয়, আর চাঁদ দেখা না গেলে ৩০ রোজা পূর্ণ করে পরদিন ঈদ উদযাপন করা হয়। এ কারণে এবার আলাদা করে আর কোনো বৈঠকের প্রয়োজন হবে না।

ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ ও আনন্দের মধ্য দিয়ে সারাদেশে ঈদ উদযাপনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। রাজধানীসহ বিভিন্ন স্থানে সরকারি ও বেসরকারি উদ্যোগে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিকল্প জামাত অনুষ্ঠিত হবে। প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ দেশের শীর্ষ ব্যক্তিরা নামাজ আদায় করবেন বলে জানা গেছে। মুসল্লিদের জন্য পর্যাপ্ত ওজুর ব্যবস্থা, চিকিৎসা সহায়তা এবং নারীদের জন্য পৃথক নামাজের স্থান রাখা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদেও সকাল ৮টা ও ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে, যা সবার জন্য উন্মুক্ত থাকবে।

এদিকে, কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে দেশের বৃহত্তম ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল ১০টায় অনুষ্ঠিতব্য এ জামাতে অংশ নিতে লাখো মুসল্লির সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে বহুস্তরীয় ব্যবস্থা।