ঢাকা বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

সোনাইমুড়ীতে ওয়ারিশি জমি নিয়ে বিরোধ: গাছ কাটার ঘটনায় আতঙ্কে পরিবার


স্মার্ট প্রতিনিধি
১৩:১৩ - বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬
সোনাইমুড়ীতে ওয়ারিশি জমি নিয়ে বিরোধ: গাছ কাটার ঘটনায় আতঙ্কে পরিবার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বিরোধপূর্ণ ওয়ারিশি জমিতে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আছমা আক্তার (৩৩) নামের এক গৃহিণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

থানায় দায়ের করা অভিযোগে আছমা আক্তার জানান, উপজেলার ৯ নম্বর দেওটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দুর্গা দৌলতপুর (গিরেন্দ্র উকিলের বাড়ি) এলাকায় তাদের ওয়ারিশি সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সংশ্লিষ্ট জমি নিয়ে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অভিযোগে বলা হয়, গত ১ মার্চ ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে প্রতিপক্ষ মমিন উল্যাহ, মইফুল বেগম ও আরো ২/৩জন নবগ্রাম সাকিনে তাদের বসতবাড়ির দক্ষিণ পাশে অবস্থিত ভোগদখলীয় জমিতে প্রবেশ করে জোরপূর্বক তিনটি বড় আকাশমনি গাছ কেটে ফেলে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী। কাটা গাছ ইরি ধানের ক্ষেতে ফেলে দেওয়ায় ধানক্ষেতেরও ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আছমা আক্তারের অভিযোগ, গাছ কাটায় বাধা দিলে অভিযুক্তরা অশ্লীল ভাষায় গালমন্দ করে এবং লাঠিসোঁটা নিয়ে মারধরের উদ্দেশ্যে তেড়ে আসে। এ সময় প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও তিনি দাবি করেন।

ভুক্তভোগী পরিবারের দাবি, জমি দখলকে কেন্দ্র করে যে কোনো সময় বড় ধরনের দাঙ্গা-হাঙ্গামা বা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। পরিস্থিতি অবনতির আগেই প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

অভিযুক্তদের বক্তব্য জানার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে স্থানীয়রা বলছেন, জমি সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তি না হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তাই প্রশাসনের দ্রুত ও নিরপেক্ষ পদক্ষেপই এখন সময়ের দাবি।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার ওসি কবির হোসেন জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।