নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে মাদক ও কিশোর
গ্যাংয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ
অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে জেলা সদরের আনছার কোম্পানী বাজারে
'মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক সাহায্য সংস্থা'র উদ্যোগে র্যালী ও
সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ
ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
"মাদকমুক্ত
সমাজ চাই” স্লোগানে র্যালীটি জেলার সোনাপুর-চরজব্বর আঞ্চলিক সড়ক
প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে 'মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক
সাহায্য সংস্থা' নোয়াখালীর সাধারণ সম্পাদক আখতার হোসেনের সভাপতিত্বে প্রধান
অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. লিয়াকত আকবর।
এতে
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর
পরিদর্শক সাইফুল ইসলাম, সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
নজরুল ইসলাম, মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক সাহায্য সংস্থা
নোয়াখালীর সাংগঠনিক সম্পাদক ইউসুফ মাসুদ, বিএনপি নেতা আবু সোলেমান মির্জা ও
সায়েদ ইস্কিন্দার বুলু প্রমূখ।
বক্তারা
বলেন, মাদক ও কিশোর গ্যাং একটি সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। এর কারণে তরুণ
প্রজন্ম ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এবং বাড়ছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড।
তাই মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে
হবে।
কিশোরদের সঠিক পথে
পরিচালিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সচেতন নাগরিকদের একসঙ্গে
কাজ করার আহবান জানিয়ে তারা বলেন- তরুণদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন
করে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।