

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ
বুলু বলেছেন, শেখ হাসিনার পতনের জন্য আওয়ামীপন্থী সাংবাদিক, বুদ্ধিজীবী ও
শিল্পপতিরা দায়ী। তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক- তাদের কোনো দলীয়
পরিচয় থাকা উচিত নয়। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের
প্রত্যাশা পূরণ করাই তাদের প্রধান দায়িত্ব।
রোববার (২ আগস্ট) বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এখলাসপুর ইউনিয়নের একটি ফুটবল টার্ফ মাঠে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরকত উল্লাহ বুলু বলেন, দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন বাস্তবতায় সাংবাদিকদের দায়িত্ব আরও বেড়েছে। যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে সমাজ ও রাষ্ট্র উপকৃত হয়।
তিনি আরও বলেন, বর্তমানে দেশ একটি নতুন রাজনৈতিক বাস্তবতার মধ্যদিয়ে যাচ্ছে। এই সময়ে সাংবাদিক, বুদ্ধিজীবী, ব্যবসায়ীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের উচিত জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কল্যাণে কাজ করতে হবে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। এই দর্পণ যেন কখনো ম্লান না হয়, সেজন্য সাংবাদিকদের পেশাগত নৈতিকতা, ঐক্য, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি। মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায়ও সাংবাদিকদের সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ক্রীড়া ও সুস্থ বিনোদন সাংবাদিকদের মানসিক প্রশান্তি এনে দেয় এবং পারস্পরিক সম্পর্ককে দৃঢ় করে।
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত আলী খানের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি আজাদ ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য শামিমা বরকত লাকি, শহীদুল ইসলাম কিরণ, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমূখ।
প্রীতি ফুটবল ম্যাচটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। মাঠজুড়ে দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি এবং খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা জানান, সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার এবং সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।