ঢাকা বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

জাতিসংঘ পানি সম্মেলনে সহ-সভাপতি বাংলাদেশ


স্মার্ট প্রতিবেদক
৫:৪০ - বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০২৩
জাতিসংঘ পানি সম্মেলনে সহ-সভাপতি বাংলাদেশ

এবারের জাতিসংঘ পানি সম্মেলনে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

 স্থানীয় সময় মঙ্গলবার (২২ মার্চ) জাতিসংঘের সদর দপ্তরে সম্মেলনটির উদ্বোধনের সময় আনুষ্ঠানিকভাবে এই নির্বাচন ঘোষণা করা হয়।

বিগত ৫০ বছরে জাতিসংঘ আয়োজিত এটি প্রথম আন্তর্জাতিক পানি সম্মেলন। এর লক্ষ্য ও উদ্দেশ্য হলো জাতিসংঘের সদস্য রাষ্ট্র, এর আওতাধীন বিভিন্ন অঙ্গ-সংস্থাসমূহ এবং অন্যান্য সকল অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বৈশ্বিক পানি বিষয়ক কর্মসূচির বাস্তবায়নে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন।

নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত জানান, এই সহ-সভাপতি পদে বাংলাদেশের নির্বাচন জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় বাংলাদেশের দক্ষ নেতৃত্বের ওপর বিশ্ব সম্প্রদায়ের গভীর আস্থারই প্রতিফলন।

রাষ্ট্রদূত মুহিত আরো বলেন, এই অর্জন বাংলাদেশকে টেকসই উন্নয়নের জন্য আন্তর্জাতিকভাবে সম্মত পানি বিষয়ক লক্ষ্যসমূহ অর্জনের জন্য বিশ্বব্যাপী চলমান প্রচেষ্টাকে আরো বেগবান করার নেতৃত্ব প্রদানে সহায়তা করবে। এই নির্বাচন বৈশ্বিক পানি বিষয়ক এজেন্ডায় আমাদের জাতীয় অগ্রাধিকারগুলি অর্জনের নিমিত্ত আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির পথ প্রশস্ত করবে।

মঙ্গলবার (২২ মার্চ) থেকে জাতিসংঘ সদরদপ্তরে শুরু হওয়া এই সম্মেলনটি আগামী ২৪ মার্চ ২০২৩ পর্যন্ত চলবে। এতে জাতিসংঘের সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের নেতৃত্বে এ সম্মেলনে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকসহ ১৩ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করছেন।