নোয়াখালীর
হাতিয়া উপজেলায় সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের গাড়িবহরে হামলার
অভিযোগ উঠেছে। এসময় এসসিপি-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় দু’গ্রুপের বেশ
কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এই সংঘষের ঘটনা ঘটে।
সংসদ
সদস্য আবদুল হান্নান মাসউদ অভিযোগ করেন, তিনি আজ দুপুরে
চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত
নেতাকর্মীদের দেখতে আসেন। তাদের দেখে যাওয়ার পথে বিএনপি সমর্থিত
নেতাকর্মীরা তার গাড়িতে হামলা চালিয়েছে। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন
নেতাকর্মী আহত হয়েছেন বলেও তিনি দাবি করেন। এসময় তিনি চিহ্নিত ডাকাতদের
বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রকল্প বাজার সড়কে অবস্থান
কর্মসূচি পালন করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় দুই
পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল
বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। আহতদের
স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে চানন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমানের দাবি, প্রকল্প
বাজারে হান্নান মাসউদ উস্কানিমূলক বক্তব্য দেন। তার বক্তব্যের পর তার দলের
নেতাকর্মীরা বাজারে উঠে প্রথমে বিএনপির কার্যালয় ভাঙচুর করে এবং পরে
বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও মোটরসাইকেলে হামলা চালায়। এ সময় স্থানীয়রা
প্রতিরোধের চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এ
বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন,
ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। আমি
বর্তমানে ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।