নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সোহেল (৩৫) গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সন্ধ্যা আনুমানিক পৌনে সাতটার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য
নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়
যুবদল নেতা-কর্মীদের দাবি, সন্ধ্যায় সোহেল তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে
ছিলেন। এ সময় সাত-আটজন সশস্ত্র ব্যক্তি এসে তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড
গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে তাঁর শরীরে একাধিক ছররা গুলি লাগে।
এ
ঘটনায় জেলা যুবদলের পক্ষ থেকে স্থানীয় ছাত্রশিবিরের নেতা-কর্মীদের দায়ী
করা হয়েছে। জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান বলেন, বেগমগঞ্জের
কয়েকটি ইউনিয়ন জামায়াত-শিবিরের সশস্ত্র ক্যাডারদের আস্তানায় পরিণত হয়েছে।
এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে।
তবে
অভিযোগ অস্বীকার করেছে ছাত্রশিবির। সংগঠনটির উত্তর জেলা সভাপতি মুজাহিদুল
ইসলাম বলেন, এ ঘটনায় আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। আমরা সামাজিক
যোগাযোগমাধ্যমে দেখেছি, ভুক্তভোগী নিজ অস্ত্র বহন করতে গিয়ে দুর্ঘটনাবশত
গুলিবিদ্ধ হয়েছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষ।
এদিকে
ঘটনাস্থল পরিদর্শনকারী বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান
জানান, রসুলপুর এলাকার খালের পাড়সংলগ্ন অন্ধকারাচ্ছন্ন ও কাদাময় স্থানে
ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে এটি শটগানের ছররা গুলির আঘাত বলে ধারণা করা
হচ্ছে। পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।