

রাজধানী ঢাকার ব্যস্ত সড়কগুলোর প্রায় প্রতিটি ট্রাফিক সিগন্যালেই দেখা মেলে অসংখ্য ভিক্ষুকের। শিশু থেকে বৃদ্ধ-সব বয়সী মানুষই জীবিকার তাগিদে হাত পাতেন মানুষের কাছে। চাইলে সেই পথ বেছে নিতে পারতেন মিনারা বেগমও। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসেও ভিক্ষাবৃত্তিকে বেছে নেননি তিনি। বরং নিজের শ্রম আর সামান্য পুঁজি দিয়ে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার চেষ্টা করছেন এই বৃদ্ধা।
আনুমানিক ৬০ থেকে ৬৫ বছর বয়সী মিনারা বেগম নিজের সঠিক বয়স জানেন না। কয়েক বছর আগে মারা গেছেন স্বামী। একমাত্র মেয়ের বিয়ে হয়েছে গ্রামের বাড়ি গাইবান্ধায়। বর্তমানে বোনের ছোট্ট ভাড়া করা ঘরে আশ্রয় নিয়ে কোনো রকমে দিন কাটছে তাঁর।
রাজধানীর পানি ভবনের পশ্চিম পাশের গেটের বিপরীতে পান-সিগারেট বিক্রি করেন মিনারা বেগম। এ ছাড়া গ্রিন রোডের কেএফসি ও বিএফসির সামনের ফুটপাতেও বসেন তিনি। প্রতিদিন তাঁর বিক্রির পরিমাণ ২০০ থেকে ১ হাজার ২০০ টাকার মতো। এই সামান্য ব্যবসা থেকেই জীবিকা নির্বাহের চেষ্টা করেন তিনি।
বয়সের ভার, পারিবারিক অসহায়ত্ব আর সীমিত পুঁজি- সব প্রতিকূলতার মধ্যেও কারও কাছে হাত না পেতে নিজের পরিশ্রমে বেঁচে থাকার এই চেষ্টা সত্যিই প্রশংসনীয়।
মিনারা বেগমের এই আত্মসম্মানবোধকে সম্মান জানিয়ে তাঁর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া যেতে পারে। সম্মিলিত সহযোগিতায় তাঁকে একটি ছোট দোকান বা পণ্যের বক্স এবং কিছু বাড়তি পুঁজির ব্যবস্থা করে দেওয়া গেলে হয়তো তাঁর জীবনযাপনের কষ্ট কিছুটা কমবে। পাশাপাশি কেউ আরও ভালো কোনো উদ্যোগ বা পরামর্শ দিতে চাইলে সেটিও বিবেচনায় নেওয়া যেতে পারে।
আমাদের সামান্য সহযোগিতা হয়তো মিনারা বেগমের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। ভিক্ষাবৃত্তি নয়, নিজের শ্রমে সম্মানের সঙ্গে বেঁচে থাকার যে লড়াই তিনি চালিয়ে যাচ্ছেন, সেই লড়াইয়ে তাঁর পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি।