ঢাকা শনিবার, আগস্ট ১৫, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

১৫ আগস্ট আজ, সপরিবারে বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর


স্মার্ট প্রতিবেদক
৫:৪৬ - শনিবার, আগস্ট ১৫, ২০২৬
১৫ আগস্ট আজ, সপরিবারে বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

আজ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে ধানমণ্ডির ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। সেই হত্যাকাণ্ডের ৫১ বছর পূর্ণ হলো আজ।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে সেনাবাহিনীর একদল বিপথগামী সদস্য ধানমণ্ডির ৩২ নম্বরের বাসভবনে হামলা চালিয়ে শেখ মুজিবুর রহমানকে হত্যা করে। একই ঘটনায় নিহত হন তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামালসহ পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা। তখন বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা।

এ হত্যাকাণ্ডে বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাতের পরিবারের সদস্য এবং ভাগ্নে শেখ ফজলুল হক মণিসহ আরও অনেকে নিহত হন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৫ আগস্ট তাই হয়ে আছে গভীরভাবে আলোচিত ও বেদনাবিধুর একটি অধ্যায়। 

১৯৯৮ সালের ৮ নভেম্বর বঙ্গবন্ধু হত্যা মামলায় ১৫ জনের মৃত্যুদণ্ড দেন আদালত। পরে উচ্চ আদালত ১২ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন। এখন পর্যন্ত ছয় আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। একজন বিদেশে মারা গেছেন। পাঁচজন এখনো পলাতক।

দীর্ঘদিন এ দিনটি আওয়ামী লীগের পক্ষ থেকে শোক দিবস হিসেবে পালন করা হয়েছে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালিত হওয়ার পাশাপাশি এ দিন সরকারি ছুটিও ছিল। তবে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলটির সভাপতি শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন এবং এরপর থেকে সেখানেই অবস্থান করছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের বহু নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন। বিভিন্ন সময়ে ঝটিকা মিছিল ও সাংগঠনিক তৎপরতার অভিযোগে দলটির নেতাকর্মীদের আটকও করা হয়েছে।

দিনটি ঘিরে এবার সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।