

নোয়াখালীর বেগমগঞ্জে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের
সংঘর্ষে গুলি করে দুইজনকে হত্যার ঘটনায় দায়ের করা জোড়া খুনের মামলায় প্রধান
আসামি সবুজকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর দুই আসামি পারুল ও
ফরহাদকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টার দিকে নোয়াখালীর অতিরিক্ত দায়রা জজ-২য় আদালতের বিচারক তৌহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
মামলার
এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২ এপ্রিল বেগমগঞ্জ উপজেলার
জগদীশপুর গ্রামের মনু মিঝি বাড়িতে পুকুরের সীমানা প্রাচীর নির্মাণকে
কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সবুজের নেতৃত্বে প্রতিপক্ষের ওপর গুলি চালানো হয়।
এতে সেতারা বেগম ও খলিল নিহত হন। এছাড়া গুলিতে আরও পাঁচজন আহত হন। আহতদের কয়েকজন এখনও অসুস্থ রয়েছেন বলে জানা গেছে।
ঘটনার
পর আবদুস সহিদ বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটির জিআর নম্বর ৪৯৯/১৩। দীর্ঘ বিচারিক কার্যক্রম, সাক্ষ্যগ্রহণ ও
যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার আদালত এ রায় ঘোষণা করেন।
রায়ে সন্তোষ
প্রকাশ করে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি জসিম উদ্দিন বাদল বলেন, মামলার
প্রধান আসামি সবুজকে মৃত্যুদণ্ড এবং অপর দুই আসামি পারুল ও ফরহাদকে খালাস
দিয়েছেন আদালত।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সামছুদ্দিন আহমেদ বলেন, তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।