

নোয়াখালীকে সিটি করপোরেশন ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী
তারেক রহমানের কাছে স্মারকলিপি দিয়েছে নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (এনইউজে)।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত আলী খান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপিটি হস্তান্তর করে।
স্মারকলিপিতে বলা হয়, নোয়াখালী দেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা। বর্তমানে জেলায় ৯টি উপজেলা, ১০টি থানা ও ৮টি পৌরসভা রয়েছে। একসময় বৃহত্তর নোয়াখালীর অন্তর্ভুক্ত ছিল বর্তমান ফেনী ও লক্ষ্মীপুর জেলাও। ৩ হাজার ৬৮৫ দশমিক ৮৭ বর্গকিলোমিটার আয়তনের জেলার প্রশাসনিক সদর দপ্তর মাইজদীতে অবস্থিত।
স্মারকলিপিতে স্থানীয় সরকার আইন, ২০০৯-এর ৩(৪) ধারা অনুযায়ী সিটি করপোরেশন প্রতিষ্ঠার বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। এতে প্রস্তাবিত নোয়াখালী সিটি করপোরেশনের আয়তন ৫৭ দশমিক ৬৫ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ৪ লাখ ৫৭ হাজার ৮৭৯ জন উল্লেখ করা হয়েছে। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৭ হাজার ৯৪২ জন বলেও উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, নোয়াখালী পৌরসভা ও চৌমুহনী পৌরসভার মধ্যে দূরত্ব মাত্র ৬ কিলোমিটার। নোয়াখালী-কুমিল্লা ফোরলেন সড়কের মাধ্যমে নোয়াখালী পৌরসভার কাদির হানিফ ইউনিয়ন, নোয়াখালী ইউনিয়ন, একলাশপুর ইউনিয়ন ও চৌমুহনী পৌরসভা পরস্পরের সঙ্গে যুক্ত। এ এলাকায় পাটকল, এগ্রো প্রডাক্ট, পোল্ট্রি ফিড, হ্যাচারি, ফুড অ্যান্ড বেভারেজসহ বিভিন্ন শিল্পকারখানা গড়ে উঠেছে।
পাশাপাশি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতাল, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, বিসিক শিল্পনগরী ও বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নকাজ চলমান রয়েছে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, গত ১ মার্চ ২০২৬ তারিখে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম স্থানীয় সরকার প্রতিষ্ঠান বিধিমালা-২০১০-এর বিধি ৪-এ বর্ণিত শর্ত অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করেছেন।
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নোয়াখালীর সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের দাবি নোয়াখালীকে সিটি করপোরেশনে উন্নীত করা। নোয়াখালী পৌরসভা, কাদির হানিফ ইউনিয়ন, নোয়াখালী ইউনিয়ন, একলাশপুর ইউনিয়ন ও চৌমুহনী পৌরসভাকে একত্রিত করে সিটি করপোরেশন বাস্তবায়ন করা হলে জেলার উন্নয়ন ও সমৃদ্ধি আরও ত্বরান্বিত হবে।
স্মারকলিপি প্রদানকালে নোয়াখালীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।