জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায়
বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও
নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি,
পরিবেশ দূষণ ও প্রাকৃতিক ভারসাম্যহীনতা দিন দিন প্রকৃতি ও মানুষের জন্য
হুমকি হয়ে উঠছে। এ পরিস্থিতি মোকাবিলায় বেশি বেশি করে গাছ লাগানোর পাশাপাশি
রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা করতে হবে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী জেলা বিএনপির আয়োজনে বিএনপির ৪৮তম
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির
বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো. শাহজাহান বলেন,
প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি
গাছের চারা রোপণ করা। শুধু গাছ লাগালেই হবে না, এসব গাছকে বাঁচিয়ে রাখতে
হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে
তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
তিনি
আরও বলেন, গাছ শুধু মানুষের অক্সিজেনের উৎস নয়, পরিবেশের ভারসাম্য রক্ষা,
জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতেও বৃক্ষের
গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নগরায়নের বিস্তার, অপরিকল্পিতভাবে গাছ কাটা এবং
জলাশয় ও সবুজের পরিমাণ কমে যাওয়ায় পরিবেশের ওপর চাপ ক্রমেই বাড়ছে।
এ অবস্থায় বাড়ির আঙিনা, রাস্তার পাশে, শিক্ষা প্রতিষ্ঠান, খেলার মাঠ ও খালি জায়গায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের আহ্বান জানান তিনি।
তিনি
বলেন, প্রত্যেক নাগরিককে নিজ দায়িত্ববোধ থেকে অন্তত একটি করে গাছ লাগাতে
হবে। দল-মত নির্বিশেষে সবাইকে এ কর্মসূচিতে এগিয়ে আসতে হবে। একটি গাছ শুধু
একটি পরিবারের নয়, একটি সমাজের এবং সর্বোপরি দেশের ভবিষ্যতের জন্যও
গুরুত্বপূর্ণ সম্পদ।
নোয়াখালী
জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে কর্মসূচিতে আরও
উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ আজাদ, নোয়াখালী
পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবু নাছের, সাবেক সাধারণ সম্পাদক শাহ জাফর
উল্যাহ রাসেল, জেলা বিএনপির সদস্য (দপ্তর সম্পাদক) রবিউল হাসান পলাশ, জেলা
বিএনপির সদস্য শহীদুল ইসলাম কিরণসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।