নোয়াখালী
টাউন হলের সাংস্কৃতিক চর্চা, সামাজিক ও জনসচেতনতামূলক কর্মকাণ্ড,
সভা-সেমিনারসহ বিভিন্ন কার্যক্রমের পরিধি বাড়ানো এবং প্রতিষ্ঠানটিকে
আধুনিকায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার
দুপুরে নোয়াখালী টাউন হল অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। টাউন
হলের সভাপতি ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও টাউন
হলের সাধারণ সম্পাদক ফিরোজ আলম মতিননের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে
বক্তব্য রাখেন- নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান।
সভায়
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হারুনুর
রশিদ আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার এবং জেলা বিএনপির আহ্বায়ক
মাহবুব আলমগীর আলো।
সভায়
নোয়াখালী টাউন হলের প্রবীণ সদস্য গিয়াস উদ্দিন আহমেদ সেলিম, বীর
মুক্তিযোদ্ধা মিয়া মো. শাহজাহান, ব্যবসায়ী গোলাম জিলানী দিদার, মো. ইসমাইল
হোসেন, নোয়াখালী সুপার মার্কেটের সভাপতি ইকরাম উল্যাহ ডিপটি, সাবেক কমিশনার
দেলোয়ার হোসেন’সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ, বীর
মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত
ছিলেন।
সভায় বক্তারা বলেন,
নোয়াখালী টাউন হল একসময় এ অঞ্চলের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক
কর্মকাণ্ডের অন্যতম প্রাণকেন্দ্র ও আঁতুড়ঘর হিসেবে পরিচিত ছিল। সময়ের
পরিক্রমায় টাউন হলের কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছে। ফলে প্রতিষ্ঠানটির
ঐতিহ্য ফিরিয়ে এনে কর্মকাণ্ডকে আরও গতিশীল ও আধুনিক করার উদ্যোগ নেওয়া
হয়েছে।
বক্তারা আরও বলেন,
দল-মতের ঊর্ধ্বে উঠে টাউন হলকে একটি কার্যকর ও আধুনিক সাংস্কৃতিক-সামাজিক
কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে শিগগিরই নতুন কমিটি গঠন এবং
আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এর
মাধ্যমে নোয়াখালীর সাংস্কৃতিক, সামাজিক ও নাগরিক কর্মকাণ্ডের আরও বিস্তৃত
পরিসর তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।