ঢাকা শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা: সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


স্মার্ট প্রতিনিধি
১৩:৪৯ - বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা: সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে প্রতিবন্ধী যুবক কবির হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় সাংবাদিক এমবি আলমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় নোয়াখালী সদরের দাদপুর ইউনিয়নের বারিক মুন্সীর মোড়ে ড. নুরুল করিম একাডেমির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এমবি আলম একজন প্রতিবাদী ও দায়িত্বশীল সাংবাদিক। দীর্ঘদিন ধরে তিনি সমাজের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে তিনি সব সময় আন্তরিক।

বক্তারা বলেন, গত মঙ্গলবার বিকালে নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারের উত্তর পাশে চুরির অভিযোগে এক ব্যক্তিকে স্থানীয় জনতা গাছের সঙ্গে বেঁধে রাখে। ওই ব্যক্তিকে নির্যাতনের একটি ভিডিও সাংবাদিক এমবি আলম তাঁর ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন। ভিডিওতে তাঁকে নির্যাতিত ব্যক্তির পক্ষে কথা বলতে এবং উত্তেজিত জনতাকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানাতে দেখা যায় বলে বক্তারা উল্লেখ করেন।

তাঁরা আরও বলেন, ভিডিওতে এমবি আলম আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তরের জন্যও উপস্থিত জনতাকে আহ্বান জানান। পরবর্তী সময়ে ওই ব্যক্তি, যিনি প্রতিবন্ধী কবির হোসেন হিসেবে পরিচিত, মারা যাওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় প্রকাশিত ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর পুলিশ চারজনকে শনাক্ত করে আদালতে পাঠিয়েছে।

বক্তারা অভিযোগ করেন, ঘটনার পর একটি কুচক্রী মহল নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সাংবাদিক এমবি আলমকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। তাঁরা এ ধরনের প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ সময় বক্তারা সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো পক্ষের প্ররোচনায় প্রভাবিত না হয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কাউকে জড়িয়ে অপপ্রচার না চালানোর আহ্বান জানান তাঁরা।