ঢাকা রবিবার, নভেম্বর ১, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

দৈনিক নোয়াখালীর কথার তৃতীয় বর্ষপূর্তি উদযাপন


স্মার্ট প্রতিনিধি
৫:২৩ - রবিবার, নভেম্বর ১, ২০২৬
দৈনিক নোয়াখালীর কথার তৃতীয় বর্ষপূর্তি উদযাপন

নোয়াখালীর স্থানীয় সংবাদকে প্রাধান্য দিয়ে বস্তুনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতার প্রত্যয় নিয়ে দৈনিক নোয়াখালীর কথার তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও অতিথিদের আপ্যায়নের আয়োজন করা হয়।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে পত্রিকাটির তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান এবং নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু নাসের মঞ্জু।

দৈনিক নোয়াখালীর কথার সম্পাদক ইসমাইল চৌধুরী হিরনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন পত্রিকাটির স্টাফ রিপোর্টার সাংবাদিক আবু জাফর মোহাম্মাদ আলী জনী।

এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা যুবদলের দপ্তর সম্পাদক হায়দার বাবু, শহর যুবদলের সদস্য সচিব মোস্তাক আহমেদ স্বপন, যুবদল নেতা নয়নসহ জেলা যুবদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- এটিএন বাংলার জেলা প্রতিনিধি মানিক ভূঁইয়া, দৈনিক খবরপত্রের স্টাফ রিপোর্টার হান্নান শাকুর, দৈনিক জনকন্ঠের নোয়াখালী প্রতিনিধি শাহাদাত বাবু, দৈনিক অভয়নগরের স্টাফ রিপোর্টার নুসরাত রুমুসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

এ ছাড়া পত্রিকাটির চাটখিল উপজেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম হাসান, কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি আবু সাঈদ শাকিল, নোয়াখালী সদর উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান ফরহাদ, কবিরহাট উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম নিশাত এবং নিজস্ব প্রতিবেদক তারেক আজিজ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক নোয়াখালীর কথা জেলার মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয় সংবাদকে গুরুত্ব দিয়ে পত্রিকাটি জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় প্রকাশ করে আসছে। ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জেলার মানুষের প্রত্যাশা পূরণে পত্রিকাটি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল আজিম সুমন বলেন, দৈনিক নোয়াখালীর কথা নোয়াখালীর একটি নিয়মিত প্রকাশিত দৈনিক পত্রিকা। ঢাকাসহ নোয়াখালীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বাসা এবং অফিসে পত্রিকাটি দেখা যায়। স্থানীয় সংবাদকে প্রাধান্য দিয়ে নিয়মিত প্রকাশিত হওয়ায় তিনি পত্রিকাটির প্রকাশক, সম্পাদকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান বলেন, পত্রিকাটির প্রকাশক মহিনউদ্দিন চৌধুরী লিটন পত্রিকাটিকে এগিয়ে নিতে নিরলস পরিশ্রম করছেন। জেলার মানুষের কথা তুলে ধরতে তাঁর আন্তরিক প্রচেষ্টা প্রশংসনীয়। স্থানীয় মানুষের সমস্যা, সম্ভাবনা ও জেলার গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার এ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু নাসের মঞ্জু বলেন, দৈনিক নোয়াখালীর কথায় জেলার সংবাদকে আরও বেশি প্রাধান্য দেওয়া উচিত। স্থানীয় মানুষের সমস্যা, সম্ভাবনা ও গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরার ক্ষেত্রে পত্রিকাটির আরও কার্যকর ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

এ সময় পত্রিকাটির স্টাফ রিপোর্টার ও উপজেলা প্রতিনিধিরা পত্রিকাটির প্রতিষ্ঠার পেছনের গল্প, প্রকাশক মহিনউদ্দিন চৌধুরী লিটনের অবদান এবং নানা প্রতিকূলতা মোকাবিলা করে এগিয়ে যাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁরা বলেন, জেলার মানুষের কথা তুলে ধরা এবং স্থানীয় সংবাদকে প্রাধান্য দেওয়ার লক্ষ্য নিয়েই পত্রিকাটির যাত্রা শুরু হয়। প্রকাশকের আন্তরিকতা, শ্রম ও উদ্যোগ পত্রিকাটির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আলোচনা সভা শেষে অতিথিদের সঙ্গে নিয়ে পত্রিকাটির তৃতীয় বর্ষপূর্তির কেক কাটা হয়। পরে আমন্ত্রিত অতিথি, সাংবাদিক ও প্রতিনিধিদের আপ্যায়ন করা হয়। এ সময় উপস্থিত সবাই পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি ও পত্রিকাটির সম্পাদক ইসমাইল চৌধুরী হিরন পত্রিকার পথচলায় সহযোগিতাকারী সবাইকে ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।