নোয়াখালীর সোনাইমুড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা এবং যুবকদের মাঝে ঋণের চেক ও সনদপত্র বিতরণ করেছে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর।
রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা সদরে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নার্গিস আরা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আকতার।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরে আলম সিদ্দিকী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জহিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব সংগঠক ও ক্ষুদ্রঋণ গ্রহীতারা উপস্থিত ছিলেন।