নোয়াখালীর সেনবাগ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ২৫
পিস ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মো. রুবেলকে গ্রেফতার করেছে
পুলিশ।
গত সোমবার (১৮ মে ) সেনবাগ থানা পুলিশের উদ্যোগে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের চিলাদি মজুমদার পাড়া এলাকার হেলাল ব্রিক ফিল্ডের সামনে থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রুবেল ছাতারপাইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের গোপাল বাড়ী এলাকার মৃত আলী আহমদের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১২টি মাদক মামলা রয়েছে।
অভিযানকালে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সেনবাগ থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।