ঢাকা সোমবার, ফেব্রুয়ারী ৯, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

মোটরসাইকেলের সঙ্গে পিকআপের সংঘর্ষ, দুই বন্ধু নিহত


স্মার্ট প্রতিনিধি
১১:২৯ - শুক্রবার, জানুয়ারী ১৬, ২০২৬
মোটরসাইকেলের সঙ্গে পিকআপের সংঘর্ষ, দুই বন্ধু নিহত

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে মোটরসাইকেলের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পিকআপের চালক।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয়ের সামনের ফোরলেন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উমেশ কুমার ভৌমিকের ছেলে অভি দেব নাথ (২৩) ও একই গ্রামের কানু চন্দ্র শীলের ছেলে হৃদয় চন্দ্র শীল (২২)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থেকে মোটরসাইকেলে অভি ও হৃদয় নিজ বাড়ি ফিরছিলেন। যাত্রা পথে রাত সোয়া ১টার দিকে মাইজদী টু চৌমুহনী সড়কের সদর উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয়ের সামনে পৌঁছালে মুরগিবাহী একটি পিকআপ আকস্মিক ইউটার্ন নেয়। ওই সময় মাইজদীগামী একটি মোটরসাইকেলের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু ও পিকআপের চালক গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে অভি দেবনাথকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

অপরদিকে, পরিচয়হীন পিকআপের চালক ও মোটরসাইকেল আরোহী হৃদয়কে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শুক্রবার সকাল ৭টার দিকে হৃদয়কে   মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সুধারাম থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও পিকআপ জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।