

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শিবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ‘স্মার্ট
স্টুডেন্টস কর্মসূচি’র আওতায় স্পোকেন ইংলিশ কোর্সের উদ্বোধন ও
শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. নুরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন- বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বর্তমান সভাপতি মো. গোলাম মোস্তফা, প্রধান শিক্ষক গোপাল চন্দ্র দাস, ব্র্যাক এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. আবু সাইদ, ব্র্যাক স্মার্ট স্টুডেন্টস প্রোগ্রামের এলাকা ব্যবস্থাপক রঞ্জন কুমার পাল, শাখা ব্যবস্থাপক উত্তম বিশ্বাসসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান বলেন, তোমরাই আগামী দিনে এ দেশের কান্ডারি হবে। সেভাবেই নিজেদের গড়ে তুলতে হবে। ইংরেজি শেখার কোনো বিকল্প নেই। নিজেদের যোগ্যতা দিয়ে বড় বড় পদে আসীন হতে হবে এবং দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে।
তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে যথাযথভাবে গড়ে তোলার ক্ষেত্রে ইংরেজিতে দুর্বলতা একটি বড় প্রতিবন্ধকতা। তাই শিক্ষার্থীদের ইংরেজি শেখার আগ্রহ তৈরি এবং সহজে ইংরেজিতে কথা বলার অভ্যাস গড়ে তুলতে এ ধরনের অংশগ্রহণমূলক স্পোকেন ইংলিশ কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ ধরনের কার্যক্রম গ্রহণ করায় ব্র্যাকের প্রশংসা করে তিনি বলেন, কোর্সটি শেষ হওয়ার পর তিনি আবার বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের সঙ্গে ইংরেজিতে কথা বলবেন। একই সঙ্গে বেগমগঞ্জ উপজেলার প্রতিটি বিদ্যালয়ে এ ধরনের কোর্স চালুর জন্য ব্র্যাকের প্রতি আহ্বান জানান তিনি।
প্রয়োজনে উপজেলা প্রশাসন ও ব্র্যাকের অংশীদারিত্বমূলক অর্থায়নের মাধ্যমে উপজেলার আরও অধিকসংখ্যক বিদ্যালয়ে এ ধরনের কোর্স চালুর উদ্যোগ নেওয়ার আগ্রহও প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এসময় ব্র্যাকের পক্ষ থেকে ৪২ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।